গুরুতর অসুস্থ বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সেপসিসের মতো গুরুতর রোগে আক্রান্ত তমলুকের বিজেপি সাংসদ। শারীরিক অবস্থাও অত্যন্ত সংকটজনক। গত ১৪ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দ্রুত তাঁকে নিউ আলিপুরের নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবনতি ঘটতে থাকলে তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লি এইমস এ নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। আর পরই দিল্লি এইমসের প্রাথমিক রিপোর্টে জানানো হয় তার শারীরিক অবস্থা। চিকিৎসায় কতটা সাড়া দিলেন অভিজিৎ বাবু?
দিল্লির এইমসে চিকিৎসাধীন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করে আইসিইউতে রাখা হয়েছে তাকে। পাশাপাশি একটি দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়া চলবে ফলে আগামী দু থেকে তিন মাস তাঁকে হাসপাতালে থাকতে হতে পারে বলেই জানাচ্ছে হাসপাতাল কতৃপক্ষ।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লি পৌঁছন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় দিল্লি এইমসে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আশঙ্কাজনক শারীরিক পরিস্থিতির যথাযথ চিকিৎসায় মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে। নানারকম পরীক্ষানিরীক্ষা করে তাঁর শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। কী ধরনের চিকিৎসা প্রয়োজন, তা বুঝতে তৎপর চিকিৎসকরা। এরপর শুক্রবার অভিজিৎবাবুর শারীরিক অবস্থার কথা জানানো হয়েছে এইমস কর্তৃপক্ষের তরফে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিজেপি সংসদ, জানালেন দিল্লি এইমস এর চিকিৎসকেরা।
বিজেপি সূত্রের খবর, গুরুতর অসুস্থ সাংসদের চিকিৎসার বিষয়টি বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা এবং সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু নজরে রাখবেন। পাশাপাশি, স্পিকার ওম বিড়লার তরফ থেকেও প্রতিদিন রিপোর্ট নেওয়া হবে। লোকসভার সচিবালয় এমস হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখবে।
প্রসঙ্গত, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে রয়েছে গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস। বেশ কয়েকদিন ধরে নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আইসিইউতে রেখে চিকিৎসা চলছিল তার। কিন্তু শারীরিক অবস্থার কোনও পরিবর্তন না হওয়ায় পরবর্তীতে তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেলে গ্রিন করিডর করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় দমদম বিমানবন্দরে। এরপর সেখান থেকে বিমানে দিল্লি নিয়ে যাওয়া হয়। বর্তমানে এইমসেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই আশাবাদী এইমস কর্তৃপক্ষ।












Discussion about this post