২১শে জুলাই ধর্মতলায় মহা সমাবেশ তৃণমূলের। গোটা বাংলা থেকে লক্ষ লক্ষ কর্মী-সমর্থক আসবেন কলকাতায়। আর তাঁদের সুবিধার জন্য কয়েক হাজার বাস ভাড়া করছে তৃণমূল কংগ্রেস। এতে যেমন সাধারণ নিত্যযাত্রীরা সমস্যায় পড়বেন, তেমনই বাস মালিকরা। এত বাস ভাড়া করতে কত টাকা খরচ করবে তৃণমূল? বাস মালিকদের লাভ না লোকসান?
বৃহস্পতিবার তৃণমূলের একুশে জুলাই সমাবেশ। দু’বছর পরে এ বার ধর্মতলায় পুরনো রীতি মেনে সভা করছে শাসকদল। ধর্মতলা চত্বরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে বলে দাবি শাসকদলের। গোটা বাংলা থেকেই তৃণমূলের সভ্য সমর্থকরা আসবেন কলকাতায়। উত্তরবঙ্গ ও দূরের জেলাগুলি থেকে ট্রেন ও বাস করে তৃণমূল কর্মীরা আসতে শুরু করেছেন ইতিমধ্যেই। ফলে শহর কলকাতা থেকে বেসরকারি বাস তুলে নিয়েছে শাসকদলের নেতারা। মূলত উত্তরবঙ্গ থেকে ট্রেনে করে কলকাতা ও হাওড়া স্টেশনে পৌঁছেছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। তাঁদের স্টেশন থেকে আনার জন্য লেক টাউন-ঢাকুরিয়া ও নাগেরবাজার-হাওড়া রুটের বহু বাস নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আবার বাসমালিক সংগঠনের নেতৃত্ব জানাচ্ছেন, বুধবার বিকেল থেকেই বহু রুটের বাস ট্রিপ সম্পূর্ণ করে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে অপেক্ষায় থাকবে। কারণ দুই ২৪ পরগনা এবং হাওড়ায় অধিকাংশ রুটে প্রায় ১০০ শতাংশ বেসরকারি বাস ভাড়া নিয়েছে শাসকদল। জানা যাচ্ছে, কলকাতার উত্তর শহরতলির কামারহাটি, দক্ষিণেশ্বর, ব্যারাকপুর, মধ্যমগ্রাম, বারাসত ও নাগেরবাজার এলাকার বিভিন্ন রুট-সহ রাজারহাট, নিউ টাউন, বাগুইআটির বিভিন্ন রুট কার্যত বাস-শূন্য। অন্যদিকে দক্ষিণ শহরতলির বেহালা, আমতলা, জোকা, সোনারপুর-সহ বিস্তীর্ণ এলাকার প্রায় সব রুটের বাস নেওয়া হয়েছে একুশে জুলাই সমাবেশের জন্য। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই হাজার হাজার বাস ভাড়া নেওয়ার জন্য কত খরচ হবে তৃণমূল কংগ্রেসের?
প্রতিবছর ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে উত্তরবঙ্গ থেকে ট্রেনেই আসতেন কর্মীরা। তবে এবার কর্মীদের জন্য ৩০টি ভলভো বাস ভাড়া করেছে কোচবিহার জেলা নেতৃত্ব। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, পুরো অর্থ মেটানোর পর বাসগুলি ভাড়া দেওয়া হচ্ছে। ১৯ এবং ২০ তারিখ বাসগুলো ছেড়ে কলকাতা আসবে। সমাবেশের পর কর্মীদের ফের কোচবিহার ফিরিয়ে নিয়ে যাবে বাসগুলি। তিনি জানিয়েছেন, একেকটি ভলভো বাসের জন্য ভাড়া পড়ছে ৭০ হাজার টাকা। এই হিসেব থেকে সামান্য হলেও বোঝা যাবে গোটা পশ্চিমবঙ্গে যত বাস ভাড়া নিচ্ছে তৃণমূল কংগ্রেস, তার মোট খরচ কত হতে পারে।
দুই ২৪ পরগনা কলকাতা হাওড়া বা হুগলি এলাকার বিভিন্ন রুটের বাস ভাড়া নিয়েছে তৃণমূল কংগ্রেস। একেকটি রুট থেকে যদি গড়ে ২০টি বাস নেওয়া হয়, আর প্রতিটির ভাড়া যদি ৫ হাজার টাকা করেও ধরা হয়, তাহলে মোট টাকার অঙ্ক কোথায় গিয়ে দাঁড়াবে তার হিসাব সহজ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একুশে জুলাই সমাবেশ উপলক্ষে তৃণমূল কংগ্রেস পরিবহন খাতে কয়েক কোটি টাকা খরচা করে। বাস বাদেও রয়েছে অন্যান্য ছোট গাড়ি এবং ট্রেনের টিকিটের খরচ। যদিও বহু ক্ষেত্রে দেখা গিয়েছে একুশে জুলাই বা তৃণমূলের অন্যান্য কোন বড় সমাবেশে তৃণমূল কর্মী সমর্থকরা বিনা টিকিটেই ট্রেনে ভ্রমণ করছেন। শারীরিকভাবেই প্রশ্ন উঠছে এই বাস ভাড়া বাবদ টাকা বাস মালিকরা ঠিকঠাকভাবে পান কিনা। এ ব্যাপারে কানাঘুশো, সব টাকা তারা পান না, বহু ক্ষেত্রেই টাকা বাকি রয়ে যায়।












Discussion about this post