কসবা গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ এর দাদাগিরিতে এমনিতেই অস্বস্তিতে শাসক দল। এবার সেই অস্বস্তি আরও বাড়িয়ে দিল তৃণমূলেরই বহিঃস্কৃত নেত্রী রাজন্যা হালদার। কসবা কাণ্ডের পর অভিযুক্ত মনোজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাজন্যার। তাঁর বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মোবাইলে। যা নিয়ে ফের বিতর্কের মুখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু এই বিতর্কের মাঝেই রাজন্যা ইস্যুতে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম।
তৃণমূল ছাত্র পরিষদ ও মনোজিতের বিরুদ্ধে দাদাগিরি ও বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ প্রসঙ্গে ফিরহাদ হাকিমকে কে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ‘কে রাজন্যা চিনিই না। পাশাপাশি তিনি বলেন সবার কথার উত্তর দেওয়ার প্রয়োজন হয় না।
কিন্তু নিজেরই দলের অন্দরের ময়লা সাফ করতে হবে এই দাবিতে এদিন সরব হন রাজন্যা। তিনি বলেন, মনোজিতের মতো অনেকেই তৃণমূল ছাত্রপরিষদে রয়েছে। নিজেদের ঘর নিজেদেরই পরিষ্কার করতে হবে। অন্যের ঘর পরে দেখব। তীব্র নারীবিদ্বেষী মনোভাবের স্বীকার আমি। আমি জানি আমার সঙ্গে কী ঘটেছিল। আমি কীসের সঙ্গে লড়াই করেছি’।
রাজন্যার অভিযোগ,এআই দিয়ে বিকৃত করা ছবি রাখা হয়েছিল কসবা-কাণ্ডের অভিযুক্ত মনোজিৎ এর মোবাইলে। সেই ছবি জুনিয়রদের দেখিয়ে পৈশাচিক আনন্দ উপভোগ করত ওরা। এই ঘটনায় মানসিকভাবে বিধ্বস্ত হতে হয়েছিল তাকে।তিনি আরও জানান, সম্প্রতি ওই টিএমসিপি নেতার বিরুদ্ধে মুখ খোলায় তাঁকে নানা বিতর্ক এর সম্মুখীন হতে হচ্ছে ।
তবে তিনি কেন এতদিন চুপ ছিলেন কোন অভিযোগ কেন করেননি রাজন্যা? উঠেছে সেই প্রশ্ন। এই প্রসঙ্গে রাজন্যার বক্তব্য,তিনি কারও বিরুদ্ধে কোনও অভিযোগ জানাতে চাননি, কারণ তিনি মুখ খুললেই তার দল তৃণমূলের দিকে আঙুল উঠত। সেটা চাননি তিনি।
উল্লেখ্য কসবা কাণ্ডের অভিযুক্ত মনোজিতের বিরুদ্ধে একাধিক নারী নিগ্রহের অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। গত বুধবার কসবার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে তাঁর। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তুলেছে পুলিশ। কিন্তু তিনি জেলে যেতেই মুখ খুলতে শুরু করেছেন অনেকেই তৃণমূল ছাত্র পরিষদের নেতা হিসেবে তার দাদাগিরি ও নারী নিগ্রহ নিয়ে একগুচ্ছ অভিযোগ সামনে আসে। নারী নিগ্রহের পাশাপাশি মারামারি-ভাঙচুরের মতো ঘটনাতেও নাম জড়িয়েছে এই অভিযুক্তের। আর এই আবহাওয়া তৃণমূলের ছাত্র পরিষদের প্রাক্তনী রাজন্যার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Discussion about this post