আবার পুরনো ফর্মে কেষ্ট ওরফে অনুব্রত মন্ডল। বীরভূমে ফের শোনা গেল তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মন্ডলের গর্জন। খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজিত বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে তৃণমূলের বিজয়া সম্মেলনীতে হাজার হাজার তৃণমূল কর্মী ও সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল কোর কমিটির কনভেনার অনুব্রত মন্ডল বলেন, ইলামবাজারে গতবার তৃণমূল ৪৮ হাজার ভোটে লিড পেয়েছিল। এইবার সেই লিড ৬০ হাজারে পৌঁছে দিতে হবে। এই এলাকায় তৃণমূলের সংগঠন অনেক মজবুত। তাই আরও জোরদার প্রচার চালিয়ে ভোটে বিপুল ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। যেই প্রার্থী হবে তাকেই জেতাতে হবে। এটা দলের নির্দেশ। তৃণমূলের কর্মীরা তাকে বিপুল ভোটে জয়ী করবে। সভায় উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ২৬ এর ভোট কঠিন কিন্তু ভয়ের নয়। সকলে মিলে কাজ করলে জয় নিশ্চিত। ভুল প্রচারে কান না দিয়ে একজোট হয়ে কাজ করতে হবে। হুজুগে কান দেবেন না। নিজের পায়ে কুড়ুল মারবেন না। হুজুকে কথা শুনলে সাময়িক ভালো লাগবে কিন্তু শেষমেশ ভয়ঙ্কর অন্ধকার নেমে আসবে। সেই অন্ধকার গপ করে গিলে নেবে। আমরা সাধারণ মানুষের জন্য এসেছি। খেতে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষক, ল্যুভ্র ব্যবসায়ী, বেকার ছেলে মেয়েদের জন্য কাজ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বড় ঘরের মেয়ে নন। তিনি বীরভূমের সাধারণ পরিবারের সন্তান। তাই ৯৪ টি জনকল্যাণমূলক প্রকল্প করেছেন সাধারণ মানুষের জন্য। আপনাদের মাথায় যত চুল নেই তার চেয়ে বেশি প্রকল্প উনি করেছেন। আমরা যারা নেতা তারা মুখে বলেই খালাস। আসল কাজটা করেন ব্লক, অঞ্চল সভাপতি এবং দলের কর্মীরা। আপনারাই মেইন কারিগর। ২৬ শের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রী করতে বীরভূম থেকে ১১ টা আসনই জিততে হবে। মহিলারাই আসল হাতিয়ার, মহিলারা থাকলে জয়লাভ করা যায়।
পাশাপাশি কালীপুজোর পর থেকে প্রতিটি বুথে বসে সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি। SIR নিয়ে দলীয় কর্মীদের অনুব্রত বলেন, ভয় পাবেন না। আমাদের ভোটার লিস্টের নম্বর কেটে দিতে পারবেনা। আমরা অন্যায় করিনা। রুখে দাঁড়াবো একসাথে।
তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মন্ডলের এই আগের মতোই স্বভাবসুলভ ভাষণেই কর্মীরা উজ্জীবিত হয়ে ওঠেন। এই সভায় উপস্থিত ছিলেন, মন্ত্রী চন্দ্র নাথ সিনহা, অভিনেত্রী তথা বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জী, জেলা তৃণমূল কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা। রাজনৈতিক মহলের একাংশের মতে, আসন্ন নির্বাচনের আগে অনুব্রত মন্ডলের বক্তব্য দলের অভ্যন্তরীণ ঐক্যকে জোরদার করবে।












Discussion about this post