লোকসভা ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ এবং তাঁর প্রতি কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ ঠুকেছিল তৃণমূল কংগ্রেস। এবার সেই মন্তব্যের জন্যই প্রাক্তন বিচারপতিকে দোষী সাব্যস্ত করল নির্বাচন কমিশন। এমনকি সময়সীমা বেঁধে দিয়ে তাঁর জবাব তলব করেছে কমিশন।
প্রসঙ্গত, লোকসভার প্রচারে তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছিলেন বলেই অভিযোগ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভাষণের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে (যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি নিউজ বর্তমান)। সেই ভিডিওতে তমলুকের বিজেপি প্রার্থীকে বলতে শোনা গিয়েছে, “মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত লাখ টাকায় বিক্রি হও? তোমার দাম ১০ লাখ টাকা কেন?” এই মন্তব্যের পরই তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস। রাজ্যের নারী এবং শিশুকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা বলেন, “রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন। তিনি একজন মহিলা সম্পর্কে যেটা বলেছেন, সেটা অত্যন্ত যৌনবাদী মন্তব্য। এর মাধ্যমে তিনি তাঁর চরিত্র, তাঁর DNA এর পরিচয় দিয়েছেন। এটা অত্যন্ত অবমাননাকর। ভদ্রতার সমস্ত সীমাকে পেরিয়ে গিয়েছে”। এই নিয়ে তাঁরা যে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন সেটাও জানান শশি পাঁজা।
শুত্রবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অভিযোগ দায়েরের ঘটনার জবাব দিল নির্বাচন কমিশন। এক বিবৃতি দিয়ে কমিশন জানিয়েছে, তমলুকের বিজেপি প্রার্থী অভিজিত ওই মন্তব্যে শুধু রুচিহীনতার পরিচয়ই দেননি, তিনি নির্বাচনের সময়ে জারি থাকা আদর্শ আচরণবিধিও লঙ্ঘন করেছেন। কমিশন আরও জানিয়েছে, আগামী ২০ মে, বিকেল ৫টার মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই আচরণের কারণ জানাতে হবে। কমিশন জানতে চেয়েছে, কেন তাঁর এই মন্তব্যর জন্য তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে না। কমিশন আরও জানিয়েছে, যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি ওই সময়সীমার মধ্যে জবাব না দেন, তবে কমিশন তাঁর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘণের দায়ে পদক্ষেপ নেবে।












Discussion about this post