নামখানা হাতানিয়া দোয়ানিয়া নদী বাঁধে ধস। প্লাবনের আশঙ্কায় ঘুম উড়ল নদীর দুই পাড়ের বাসিন্দাদের।টানা বৃষ্টি ও পূর্ণিমার কোটালের জেরে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের একাধিক মাটির বাঁধে ধস নেমেছে। ঠিক যেন আতঙ্কের প্রহর গুণছেন নামখানার হাতানিয়া ও দোয়ানিয়া নদীর দুই পারের বাসিন্দারা। একটানা কদিন বৃষ্টি। তার মাঝে ছিল পূর্ণিমা কোটাল। দুইয়ের জেরে মাটির বাঁধে ফাটল। এক নয় একাধিক মাটির বাঁধের হাল খারাপ। এর মধ্যে সর্বাপেক্ষা খারাপ অবস্থা নামখানা পঞ্চায়েত এলাকার। এলাকায় প্রায় ২ হাজার বিঘে জমি রয়েছে। প্রতিবছর ভরা কোটাল, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। মাটির বাঁধ ভেঙে সহজেই প্লাবিত হয় এলাকা। রাজনীতির রঙ বদলালেও বাঁধের স্বাস্থ্য ফেরেনা। বলছেন এলাকাবাসীরা। বাঁধ লাগোয়া এলাকায় কয়েকশো পরিবারের বাস। ধসের জেরে বড় বড় গাছ নদীগর্ভে তলিয়ে গিয়েছে। সময় যত বাড়ছে পরিস্থিতি আরও বেগতিক হচ্ছে। দ্রুত বাঁধ মেরামতি না হলে জল ঢোকার আশঙ্কা করছেন বাসিন্দারা। এছাড়াও সংশ্লিষ্ট ব্লকের দ্বারিকনগর, গনেশনগর,নারায়ণগঞ্জ, দেবনগর, বুধাখালি, ঈশ্বরীপুর, মৌসুনিতে বাঁধের বেহাল দশা। যে কোন মুহূর্তে বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা রয়েছে।












Discussion about this post