আরজি করের ঘটনা নিয়ে আবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে তাঁর নীরবতা নিয়ে জল্পনার মধ্যেই বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন অভিষেক। আজ সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ একটি দীর্ঘ পোস্টে ভারতকে ‘জেগে ওঠার’ বার্তা দেন অভিষেক। অভিষেক বলেছেন, ‘‘এমন কঠোর ধর্ষণ বিরোধী আইন আনতে হবে, যা ঘটনার ৫০ দিনের মধ্যে অপরাধীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা নিশ্চিত করবে এবং তাতে দোষীকে কঠোরতম সাজা দেওয়ার নিদান থাকবে। গত ১০ দিনে যখন আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে, মানুষ সুবিচারের দাবি জানাচ্ছেন, সেই সময়েও, দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে। গত ১০ দিনে দেশে ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রতি দিন ৯০টি ধর্ষণের ঘটনার রিপোর্ট লেখানো হয়েছে।
অর্থাৎ প্রতি ঘণ্টায় চারটি এবং প্রতি ১৫ মিনিটে একটি ধর্ষণের ঘটনার রিপোর্ট দায়ের হয়েছে। অথচ এত কিছু সত্ত্বেও এই অপরাধের কোনও দীর্ঘমেয়াদি সমাধান বার করা গেল না।’’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরো লিখেছেন, ‘‘দেশের ধর্ষণের অভিযোগের পরিসংখ্যানই বলছে, এই মুহূর্তে ধর্ষণ বিরোধী কঠোর আইন কতটা জরুরি হয়ে পড়েছে। এমন আইন, যা অপরাধের ৫০ দিনের মধ্যে ধর্ষণকারীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা নিশ্চিত করবে। নিশ্চিত করবে তার দ্রুত এবং কঠোর শাস্তি। কোনও সারবত্তাহীন প্রতিশ্রুতি দেবে না।’’ প্রসঙ্গত, দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও এবং সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ার পরেও কেন দীর্ঘায়িত হচ্ছে বিচারপ্রক্রিয়া, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল৷ আগামীতে তারা আবারো পথে নামার আমার নিদান দেন।












Discussion about this post