বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হয়েছে। শনিবার সকালেই পুরীতে স্থলভাগে ঢুকে ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাবে নিম্নচাপ বলয়। তার ফলে কাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হওয়া বৃষ্টি ২২ জুলাই পর্যন্ত চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আর এই নিম্নচাপের জন্যই মৎস্যজীবি দের সমুদ্রে যাওয়ায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। তবে রাজ্যে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
এদিকে রাত পোহালেই ২১ জুলাই। যা শহিদ দিবস নামেই খ্যাত। প্রতিবারই এই দিন ধর্মতলায় শহিদ সমাবেশের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটে রেকর্ড আসনে জিতে ভোট পরবর্তী সময়ে এবারের সভায় আরও বেশি মানুষের জমায়েত করাতে চাইছে রাজ্যের শাসকদল। ইতিমধ্যেই দূরদুরান্তের বিভিন্ন জেলাগুলি থেকে তৃণমূল কর্মী, সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছেন। স্বাভাবিকভাবে, রবিবার ২১ জুলাই কলকাতার আবহাওয়া নিয়ে বাড়তি কৌতূহল থেকেই যাচ্ছে জনমানসে।
দক্ষিণবঙ্গে শনিবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এদিকে ২১ জুলাই রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মূলত সারাদিন মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই একটানা বৃষ্টির পূর্বাভাস। থাকছে বজ্রপাতের আশঙ্কাও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলা গুলিতে। তবে সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি।
২১ জুলাই রবিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পার্বত্য পাঁচ জেলাতে। ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। কলকাতাতেও চলবে বৃষ্টি। হালকা মাঝারি বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত।আগামীকাল বৃষ্টির আগে ও পরে জলীয়বাষ্প এর দরুন আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে। তবে তাপমাত্রা কিছুটা স্থিতিশীলই থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
তবে ২১জুলাই বৃষ্টির যে ইঙ্গিত রয়েছে তাতে দূর দূর থেকে আসা বিভিন্ন জেলার তৃণমূল কর্মী সমর্থকরা কিছুটা সমস্যায় পরতে পারেন। সেই সঙ্গে ২১এর শহিদ সমাবেশও সামান্য বৃষ্টি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।












Discussion about this post