রাজ্যে আবার কেন্দ্রীয় বাহিনী। লোকসভা নির্বাচনের পালা মিটতে না মিটতেই আবারও রাজ্যের নির্বাচনের দামামা। আগামী জুলাই মাসে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যের চারটি আসনে। সেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে আগামী ১৪ জুন। রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্রে। কমিশন সূত্রে খবর, সেখানে উপনির্বাচনে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। রায়গঞ্জ ও মানিকতলা কেন্দ্রে থাকবে ১২ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী। এ ছাড়া রানাঘাটে ১৫ কোম্পানি বাহিনী মোতায়েন করেছে কমিশন।
সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন। আর তারপরই ফের আবার ভোটের ঘোষণা। সারা দেশ জুড়ে মোট ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অন্যান্য রাজ্যের মতো রাজ্যের চার বিধানসভা কেন্দ্রেও হবে নির্বাচন। এই কেন্দ্রগুলির মধ্যে রয়েছে মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ, এবং রায়গঞ্জ। এই সবকটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে আগামী ১০ জুলাই। ভোটের ফল জানা যাবে আগামী ১৪ জুলাই। অন্যদিকে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হল আগামী ২১ জুন।
প্রসঙ্গত, বিজেপির প্রতীকে গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে জেতেন কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে জেতেন বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী এবং বাগদা কেন্দ্র থেকে নির্বাচিত হন বিশ্বজিৎ দাস। পরে তারা যোগ দেন তৃণমূলে। চব্বিশের লোকসভা ভোটে তিনজনকেই ঘাসফুল শিবির প্রার্থী করায়, নিয়মানুযায়ী পুরনো দলের বিধায়ক পদ ছাড়তে হয়েছিল তাদের প্রত্যেককে। অন্যদিকে, মানিকতলা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুর পর থেকে এই এলাকা বিধায়কহীন। তাছাড়া ওই কেন্দ্রটি নিয়ে মামলা চলার দরুণ সেখানে এতদিন পর্যন্ত উপনির্বাচন স্থগিত ছিল। তবে আইনি জটিলতা কাটিয়ে শেষমেশ ঘোষিত হয়েছে ভোটের নির্ঘণ্ট।












Discussion about this post