মদ্যপ অবস্থায় ভুল ঘোষণা, কথা বলতে গেলে যাত্রীদের সঙ্গে চরম দুর্ব্যবহার-সহ একাধিক অভিযোগ। শুক্রবার রাতে উত্তপ্ত হয়ে উঠল শিয়ালদহ মেন শাখার আগরপাড়া স্টেশন। যাত্রীদের বিক্ষোভে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি স্টেশন মাস্টারের ধরে। বাকবিতন্ডায় জড়িয়ে ট্রেন অবরোধ শুরু করেন যাত্রীরা। ঘটনার জেরে নড়েচড়ে বসে রেল। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় রেলদপ্তর মহেশ পাসোয়ান নামে ওই কর্মীকে সাসপেন্ড করেছে। তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যাত্রীরা জানাচ্ছেন, আগরপাড়া স্টেশনে স্টেশন মাস্টারের ঘর থেকে ভুল অ্যানাউন্সমেন্ট হতে থাকে।
পরপর ট্রেন ভুল বলতে থাকায় যাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। যাত্রীরা স্টেশন মাস্টারের কাছে জানতে গেলে, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে স্টেশন মাস্টার এবং তাঁর অফিসে থাকা কর্মীদের বিরুদ্ধে। যাত্রীদের দাবি, তিনি এতই মাতাল ছিলেন যে ঠিকমতো কথাও বলতে পারছিলেন না। ঘটনাস্থলে ছিলেন মহেশের ছেলেও। তিনি নাকি বাবাকে আড়াল করতে ঘটনাস্থলে পৌঁছনো সাংবাদিকদের হেনস্তা করেন। তারপরেই ট্রেন যাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েন। প্রায় ৪০ মিনিট ধরে চলে যাত্রীদের অবরোধে বিক্ষোভ। তারফলে ট্রেন চলাচল ব্যাহত হয়। এর ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ে । তাতে অন্যান্য যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। পড়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর যাত্রীরা অবরোধ তুলে নেন। রেল সূত্রের খবর, মহেশ পাসোয়ানকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু তিনি রেলের পোর্টার। রেলের সময়সূচি ঘোষণা করার কথা নয় তাঁর। এ বিষয়ে স্টেশন ম্যানেজারের কাছে কারণ তলব করা হয়েছে। বিভাগীয় তদন্ত চলছে












Discussion about this post