প্রতি বছর রাম নবমী এলেই পশ্চিমবঙ্গে আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে আসে। রাম নবমীর মিছিলে গোলমালের আশঙ্কা থাকে। এবার আগেভাগেই সতর্ক হল নবান্ন। এক বিজ্ঞপ্তি জারি করে কলকাতা ও রাজ্য পুলিশের সমস্ত ছুটি বাতিল করা হল।
প্রতি বছর রামনবমী উপলক্ষে রাজ্যের একাধিক জায়গায় ধর্মীয় মিছিল বের হয়। কখনও কখনও উত্তেজনাকর পরিস্থিতিই তৈরি হয়। যা যে কোনও মুহূর্তে গোষ্ঠী সংঘর্ষে পরিণত হতে পারে। ফলে পুলিশ প্রশাসনকে বাড়তি সতর্ক থাকতে হয়। এবার তাই আগেভাগেই ব্যবস্থা নিল নবান্ন। কলকাতা ও রাজ্য পুলিশের পুরো বাহিনীকে সতর্ক রেখে ছুটির ওপর বিধিনিষেধ আরোপ করা হল। মঙ্গলবার রাতে নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, ২রা এপ্রিল থেকে ৯ই এপ্রিল ২০২৫ পর্যন্ত কোনও পুলিশ কর্মীকে ছুটি দেওয়া যাবে না।
পশ্চিমবঙ্গ পুলিশের অতিরিক্ত ডিজিপি, প্রশাসন ও আইনশৃঙ্খলা ওই নির্দেশিকায় রাজ্যের আইজিপি, সিপি, ডিআইজি, জেলার পুলিশ সুপার, আরপি এবং বিশেষ বাহিনীর আধিকারিকদের উদ্দেশ্যে জানিয়েছেন, ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত কোনও পুলিশকর্মীকে ছুটি দেওয়া যাবে না। যদিও ঠিক কি কারণে এই ছুটি বাতিল করা হল, সেটা ওই নির্দেশিকায় বলা হয়নি। তবে ওয়াকিবহাল মহল মনে করছে, ওই সময়েই রামনবমী পালিত হবে। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আগেভাগেই পুরো বাহিনীকে সতর্ক রেখে ছুটির ওপর বিধিনিষেধ আরোপ করা হল। আর সে জন্যই এই কঠোর সিদ্ধান্ত বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
প্রতি বছরই রাম নবমীর দিন শহর কলকাতা তো বটেই রাজ্যের নানা প্রান্তেই একাধিক সংগঠনের তরফে শোভা যাত্রা বের করা হয়। এবার ভোটের তাপে তপ্ত বঙ্গে যেন রাম নবমী নিয়ে চর্চার ঝাঁঁঝ আরও বেশ খানিকটা বেড়ে গিয়েছে। উল্লেখ্য কয়েকদিন আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন এডিজি দক্ষিণবঙ্গ জানিয়েছিলেন, ‘গোপন সূত্রে জেনেছি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে হিংসা তৈরির চেষ্টা চলছে’। মনে করা হচ্ছে সেই আশঙ্কা থেকেই এই পদক্ষেপ।
মঙ্গলবার কলকাতার নগরপাল মনোজ ভর্মা গার্ডেনরিচ-সহ শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। যে যে এলাকায় রামনবমীর শোভাযাত্রা বের হতে পারে সেই সেই এলাকায় বিশেষ নজরদারি চলছে। সাদা পোশাকের পুলিশ নজর রাখছে এলাকায় এলাকায়। বিগত কয়েক বছরে এই দিন বিভিন্ন প্রান্ত থেকে নানা অশান্তির খবরও এসেছে। তাই এবার যাতে কোন কারণে তিন থেকে তাল না হয়ে যায় সেদিকেই কড়া নজর পুলিশ প্রশাসনের। কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। অস্ত্র নিয়ে বের হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদিও পুলিশের এই তৎপরতা দেখে রাজ্য বিজেপির নেতারা ক্ষুব্ধ। তাঁদের বক্তব্য, রাজ্য প্রশাসনই রাম নবমীর শোভাযাত্রায় রাজনীতির রঙ লাগাতে চাইছে।












Discussion about this post