অকালে ঝড়ে গেল এক তাজা প্রাণ। বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী মৌমিতা দেবনাথের কণ্ঠ রুদ্ধ হল চিরকালের মতো। মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন ওই সঙ্গীতশিল্পী। উলুবেড়িয়া পুরসভার বাউড়িয়া সিপাই পাড়ায় বাসিন্দা আকাশবাণী ও টিভি চ্যানেলের সঙ্গীতশিল্পী মৌমিতার মৃত্যু হয়েছে বাইক দুর্ঘটনায়। শোকস্তব্ধ বাংলার সঙ্গীতমহল।
মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলার এক জনপ্রিয় সংগীত শিল্পী। বৃহস্পতিবার রাতে মাত্র ৩৫ বছর বয়সেই জীবন দীপ নিভল আকাশবাণী বিবিধভারতী কলকাতার ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট সংগীত শিল্পী মৌমিতা দেবনাথের। তাঁর বাড়ি উলুবেড়িয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাউড়িয়া সিপাই পাড়ায়। জানা যাচ্ছে, মৌমিতা দেবনাথ নামে ওই সঙ্গিতশিল্পী যখন একটি মোটরবাইকের পিছনে বসে নিমদিঘিতে গানের স্কুলে ক্লাস নিতে যাচ্ছিলেন। সেই সময় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর কোলাঘাটমুখী লেনে বাগনান শ্যামবাজার রুটের একটি বাস পিছন থেকে তাঁদের বাইকটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান মৌমিতা। পুলিশ সুত্রে খবর, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে, বাস চালকও গ্রেফতার হয়েছে।
উলুবেড়িয়ার বাউড়িয়া এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন সঙ্গীতশিল্পী ছিলেন মৌমিতা। তিনি এলাকার বহু শিশুকে গান শেখাতেন। পাশাপাশি আকাশবানী কলকাতাতে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কর্মরতা ছিলেন। আকাশবানীতে মাঝেমধ্যেই তাঁর সুরেলা কণ্ঠ ভেসে আসতো। এমনকি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক জনপ্রিয় রিয়েলিটি শোতেও মৌমিতাকে দেখা গিয়েছে। ফলে তাঁর জনপ্রিয়তা অনেকটাই বিস্তৃত হয়েছিল। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মৌমিতা দেবনাথ রাজ্যের বহু জেলা থেকে গানের অনুষ্ঠানে ডাক পেতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর এই মর্মান্তিক পরিণতিতে বাউড়িয়া, উলুবেড়িয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাইক চালক শুভেন্দু বারিকের চোট খুব অল্প। তাঁর দাবি, আচমকাই বাসটি পিছন দিক থেকে তাঁর বাইকে ধাক্কা মারে। তিনি বাঁদিকে ছিটকে পড়ায় তাঁর চোট গুরুতর নয়। কিন্তু পিছনে বসা মৌমিতা বাসের নিচে চলে যান। ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।
সঙ্গীতশিল্পী মৌমিতার অকাল প্রয়াণে পরিবারের শোক বাধ মানছে না। পাশাপাশি উলুবেড়িয়া এলাকার সঙ্গীতমহলেও শোকের ছায়া নেমে এসেছে। শোকে পাথর হয়ে গিয়েছে তাঁর ছাত্রছাত্রীরাও। কারণ আকাশবাণী রেডিও ও টেলিভিশন চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের প্রিয় দিদির গান আর শোনা যাবে না।












Discussion about this post