বর্তমান সময়ে মুঠোফোনেই ধরা থাকে জগৎ সংসার। তাই একেক জনের কাছে একাধিক মোবাইল ফোন থাকা অস্বাভাবিক কিছু নয়। এখন আবার একটি মোবাইল ফোনে একাধিক সিমকার্ড ব্যবহার করা যায়। ফলে অনেকেই অনেকগুলি নম্বর ব্যবহার করেন। কিন্তু যারা অনেকগুলি নম্বর বা সিমকার্ড ব্যবহার করছেন, তাঁরা সাবধান হয়ে যান। কারণ, এখন একজনের নামে অনেকগুলি সিম রেজিস্টার্ড থাকলে বড় বিপদে পড়তে হবে। এমনকি জেলাযাত্রাও হতে পারে। ২০২৩ সালের টেলিকমিউনিকেশন আইনে অনেকগুলি সংশোধন হয়েছে। যেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে একজনের নামে কতগুলি সিমকার্ড ব্যবহার করা যাবে। এর অধিক সিমকার্ড থাকলে কি কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সেটাও বলা হয়েছে ওই আইনে। তাই আসুন জেনে নেওয়া যাক টেলিকমিউনিকেশন আইন ২০২৩-এ কি বলা হয়েছে।
টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই সম্প্রতি টেলিকম আইনে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে। মূলত ভুয়ো সিম কার্ড কমাতে সিম রেজিস্ট্রেশনের সংখ্যা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় এই সংস্থা। বর্তমানে একজন ব্যক্তি তাঁর নামে সর্বাধিক ৯টি সিমকার্ড রাখতে পারবেন। এখানে একজন ব্যক্তি মানে একটি আধার কার্ড বোঝানো হচ্ছে। অর্থাৎ একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বরে সর্বাধিক ৯টি সিমকার্ড রাখা যাবে। ফলে যারা ঘনঘন সিমকার্ড বদল করেন, তাঁরা সাবধান। ৯টির বেশি সিমকার্ড হয়ে গেলেই বড় অংকের জরিমানা অথবা জেল পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে ট্রাই।
নতুন সিম নেওয়ার ক্ষেত্রেও এসেছে নিয়মের বদল। সবচেয়ে আগে সিম ডিলারদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যার থেকে সিম কিনবেন তাঁর নামও নথিভুক্ত করতে হবে। এর ফলে যে কেউ সিম বিক্রি করতে পারবেন না। আর ভুয়ো সিম কার্ডও কমে যাবে। এখনথেকে কিনলেই সঙ্গে সঙ্গে সিম কার্ড চালু হবে না। এরজন্য কয়েকটি ধাপ পার করতে হবে। ফলে নতুন সিম চালু হওয়া সময়সাপেক্ষ।
এখন প্রশ্ন হচ্ছে এখনও পর্যন্ত আপনার নামে কতগুলি সিম রেজিস্টার্ড রয়েছে তা জানবেন কী ভাবে?
- ট্রাই এর ব্যবস্থাও চালু করেছে যে আপনি কিভাবে জানবেন আপনার নামে কতগুলি সিমকার্ড রয়েছে।
- গুগলে Tafcop Portal লিখে সার্চ করলে একটি সরকারি ওয়েবসাইট দেখাবে।
- ওই ওয়েবসাইটের হোম পেজেই মোবাইল নম্বর দেওয়ার একটি বক্স পাবেন।
- সেখানে মোবাইল নম্বর এবং যথাযথ ক্যাপচা কোড দিতে হবে।
- ক্যাপচা ভ্যালিডেট হয়ে গেলেই আপনার ফোনে একটি ওটিপি আসবে।
- সেটি ওই ওয়েবসাইটে লিখে এন্টার করতে হবে। সঙ্গে সঙ্গেই আপনার নামে থাকা সমস্ত মোবাইল নম্বর দেখিয়ে দেবে।
- তবে এখানে পুরো দশ ডিজিটের নম্বর দেখাবে না। মোবাইল নম্বরের প্রথম চারটি এবং শেষ তিনটি ডিজিট দেখাবে।
- তবে এতেই আপনি বুঝে নিতে পারবেন এই মোবাইল নম্বরগুলি আপনি কিনেছিলেন, বা ব্যবহার করেছিলেন কিনা।
- আর যদি দেখেন কোনও একটা বা একাধিক নম্বর আপনার কেনা নয়, তাহলে তৎক্ষণাৎ অভিযোগ জানাতে পারবেন।
- ওই ওয়েবসাইটেই যেখানে মোবাইল নম্বরগুলি দেখাবে, প্রত্যেকটির পাশেই একটি অপশন থাকবে অভিযোগ জানানোর।
ট্রাই জানিয়েছে, ভুয়ো কাগজপত্র দাখিল করে অন্যের নামে খোলা সিম চিহ্নিত করতেই এই ব্যবস্থা। যাতে সাইবার প্রতারণা আটকে দেওয়া যায় বা নাশকতামূলক ঘটনায় সহজেই চিহ্নিত করা যায়। উল্লেখ্য, ২০২৩ সালের শুরুর দিকে শুধুমাত্র পাঞ্জাব পুলিশ প্রায় দুই লক্ষ সিম কার্ড ব্লক করে দিয়েছে। গোটা ভারতে সংখ্যাটা আরও বেশি। তাই সাবধান, নিজেরা পরীক্ষা করে নিন, আপনার নামে কত সিম রয়েছে।












Discussion about this post