সোমবার সকালবেলা ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা রাজ্যে। ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ লাইনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারল একটি মালগাড়ি। উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল নাগাদ তিনি উত্তরবঙ্গে পৌঁছন বলে খবর। অন্যদিকে, রাজ্যপাল সিভি আনন্দ বোস দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন। রাজভবনের তরফে সোশাল মিডিয়া পোস্টে সেই বার্তা দিয়েছেন। উত্তরবঙ্গে পৌঁছেই হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল। পাশাপাশি খতিয়ে দেখবেন উদ্ধারকাজ।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল দুজনই বিকেল নাগাদ উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হয়েছেন। একই বিমানে তাঁদের দুজনের যাওয়ার সম্ভাবনা ছিল। এই ঘটনায় ইতিমধ্যেই একাধিক মৃত্যুর খবর সামনে এসেছে। আহত বহু। এখনও চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে এসেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে দেওয়া হবে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের দেওয়া হবে আড়াই লক্ষ টাকা এবং তুলনায় কম আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা বলে ঘোষণা রেলমন্ত্রকের।
অপর দিকে এই দুর্ঘটনা কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন রাহুল গান্ধী। কংগ্রেস কর্মীদের নির্দেশ দিয়েছেন সহযোগিতার। এদিন এই দুর্ঘটনার দায় মোদি সরকারের কাঁধেই ঠেললেন তিনি। রাহুলের কথায়, “গত ১০ বছরে বেড়েছে রেল দুর্ঘটনা। কারণ মোদি সরকারের অব্যবস্থা। মোদি সরকারের দোষেই প্রাণ হারাচ্ছে আমজনতা।”












Discussion about this post