খোদ সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর বিধানসভা এলাকায় তীব্র জল কষ্টে ভুগছে সাগরের কমলপুর গ্রামের চার নম্বর কলোনির বাসিন্দারা। বারে বারে প্রশাসনকে জানিয়ে মেলেনি সুরাহা, অগত্যা জলের দাবিতে কলসি বালতি হাতে নিয়ে বিক্ষোভ এলাকার মহিলাদের।
দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের কমলপুর গ্রামের চার নম্বর কলোনীতে, প্রায় ১০ থেকে ১৫ টি পরিবারের বসবাস। এক দশকেরও বেশি সময় ধরে এই এলাকায় নেই পানিয় জলের নলকূপ। বছর দুয়েক বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে ঘরে ঘরে বসানো হয়েছে নলকূপ। কিন্তু সেই নলকূপ থেকেও পড়ছেনা এক ফোটাও জল। অন্যদিকে বৈশাখের প্রখর রৌদ্রে এলাকার পুকুর ও খাল বিলের জল একেবারেই শুকিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে পানীয় জলের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের জলের আকাল দেখা দিয়েছে এলাকায়। পানীয় জল আনতে যেতে হয় প্রায় তিন কিলোমিটার দূরে। নিজেদের এলাকা ছেড়ে অন্য এলাকায় জল আনতে গেলে প্রতিনিয়ত পড়তে হয় বাধার মুখে। এলাকাবাসীদের অভিযোগ বহুবার এই এলাকায় পানীয় জলের টিউবওয়েল বসানোর আবেদন জানানো হয়েছে পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে। কিন্তু এক দশকেরও বেশি সময় পার হলেও এলাকায় কোন টিউবওয়েল বসানো হয়নি। স্বাভাবিকভাবে তীব্র জলকষ্টে বিপন্ন এলাকার জনজীবন। কার্যত বাধ্য হয়েই এদিন এলাকার মহিলারা কলসি বালতি হাতে নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে।
বিজেপি নেতা অনুপ কুমার দাস শাসক তৃণমূলকে কটাক্ষ করে বলেন, এলাকায় ঘরে ঘরে বসানো হয়েছে নলকূপ তারপর তাতে জল পড়ছে কিনা সেটা দেখার সময় নেই শাসকের। কারন তারা টাকা তুলতেই ব্যস্ত।
দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র বলেন এলাকায় বেশ কিছু অসাধু ব্যক্তি নলবাহিত পানীয় জলের পাইপলাইন থেকে মোটর বসিয়ে বাড়ির ছাদে জল তুলছে। যার কারণে ওই এলাকায় বাড়ি বাড়ি বসানো নলকূপ থেকে জল পড়ছে না। তবে বিষয়টি আমাদের নজরে এসেছে দ্রুত সমাধান করা হবে।












Discussion about this post