বেশ কিছু দিন আগেই বাংলাদেশের একাধিক এলাকা বন্যায় প্লাবিত হয়েছিল। এবার সেই রেশ কাটতে না কাটতেই প্রবল বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিল বাংলাদেশের আবহাওয়া দফতর। দুর্যোগের জন্য আগাম সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। এমনকি ওই ঝড় নিয়ে দেশের নদী বন্দরগুলিকে সতর্ক করা হয়েছে।
দুটি ঘূর্ণাবর্ত দক্ষিণ মায়ানমার উপকূল এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের একসঙ্গে মিশেছে মধ্য-বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় গিয়ে। নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর জেরেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে চলবে বৃষ্টি। আর বাংলাদেশে শুধু বৃষ্টিই নয় ঝড়ও ধেয়ে আসবে।
সোমবার বাংলাদেশ আবহাওয়াবিদদের তরফে জানানো হয়েছে , রংপুর, রাজশাহী, টাঙ্গাইল, কুষ্টিয়া, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে।
মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। বাংলাদেশ হাওয়া অফিস জানাচ্ছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে কমতে পারে। এবং বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতাও কমতে পারে।












Discussion about this post