দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পরই অবৈধ অভিবাসীদের নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ৷ সম্প্রতি নয়া প্রেসিডেন্ট জানান, অবৈধভাবে আমেরিকায় বসবাসকারীদের দেশে ফেরাতে এই নীতি গ্রহণ করেছেন৷ সেই তালিকায় রয়েছে ভারতীয়রাও। তাঁর সেই সিদ্ধান্তকে স্বাগত জানায় মোদি সরকার ৷ এই আবহে গত সোমবার মোদির সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ৷ সূত্রে খবর, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার লক্ষ্যে দুই রাষ্ট্রনেতার ফোনালাপ বেশ তাৎপর্যপূর্ণ৷
এই ফোনলাপের পর ভারতের প্রধানমন্ত্রী যেমন এক্স হ্যান্ডলে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন ছিলেন। তেমনই
নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপ প্রসঙ্গে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “ভারতের সঙ্গে আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ৷ আগামী দিনে সেই সম্পর্ক আরও মজবুত করতে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে ৷ সম্ভবত ফেব্রুয়ারি মাসে মার্কিন সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷”
সম্প্রতি প্রকাশিত খবর অনুযায়ী, প্রায় ১ লক্ষ ৮০হাজার অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরানোর তোড়জোড় শুরু করেছে মার্কিন প্রশাসন ৷ সেই প্রসঙ্গে গত ২৩ জানুয়ারি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আন্তর্জাতিক কর্মদক্ষতা বৃদ্ধিতে অভিবাসীদের আমরা সমর্থন জানাই ৷ তবে অবৈধভাবে কোনও দেশে বসবাস করার বিষয়টি মেনে নেওয়া সম্ভব নয় ৷” তিনি স্পষ্ট বলেন, “আমেরিকা-সহ অন্য যেকোনও দেশে অবৈধভাবে বসবাসরত ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে রাজি নয়াদিল্লি ৷ যদি তারা সত্যিকারের ভারতীয় নাগরিক হয় তবেই ৷” মোদির সঙ্গে কথা বলার পর অবৈধ অভিবাসী প্রসঙ্গে ভারতের উপর ভরসা রাখছে ট্রাম্প, তা বলার অপেক্ষা রাখে না ৷
তবে শুল্ক নিয়ে ‘বন্ধু’ ভারতকেও কোনও ছাড় দেওয়া হবে না বলে সোমবার স্পষ্ট জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ৷ তিনি স্পষ্ট জানান, আমেরিকার জন্য ‘ক্ষতিকারক’ দেশগুলির উপরে শুল্ক চাপানো হবে ৷ তালিকায় রয়েছে ব্রাজিল, চিন ও ভারত ৷












Discussion about this post