দীর্ঘ দেড় বছরের প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার বাংলাদেশে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই ভোট হচ্ছে দেশের বৃহত্তম রাজনৈতিকদল আওয়ামী লীগকে বাদ দিয়েই। দলের নেতাকর্মীদের বুথে না যাওয়ার নির্দেশ দিয়েছেন দলনেত্রী হাসিনা। এবারের ভোটে যে সব নজরকাড়া কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম গোপালগঞ্জ। কেন্দ্রটি হাসিনার গড় বলেই পরিচিত। ফলে, নেত্রীর নির্দেশ মেনে দলীয় কর্মীরা ভোট বয়কট করবেন না কি তাদের একটা অংশ বিএনপির প্রার্থীকে ভোট দেবেন, তা নিয়ে সকাল থেকে শুরু হয়েছে চর্চা। ভোট পুরোপুরি অবাধ ও সুষ্ঠু ভাবে হচ্ছে তা বলা যাবে না। বিভিন্ন প্রান্ত থেকে এসেছে বিক্ষিপ্ত হিংসার খবর। কোনও কোনও জায়গা থেকে পাওয়া গিয়েছে ভোটে কারচুপির অভিযোগ। গোপালগঞ্জে কী হচ্ছে, তা জানার আগ্রহ কমবেশি সকলের মধ্যে রয়েছে। তদারকি সরকার থেকে শুরু করে নির্বাচন কমিশন – সকলেই আশ্বাস দিয়ে বলেছিলেন ভোট হবে উৎসবমুখর পরিবেশে। কিন্তু আওয়ামী লীগের মতো বৃহৎ একটা রাজনৈতিক দলকে বাদ দিয়ে ভোট কতটা উৎসব মুখর হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সকাল থেকে বেশ কয়েকটি বুথে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
রাতে গোপালগঞ্জ থেকে বেশ কিছু খারাপ খবর এসেছে। গোপালগঞ্জের ২ এবং ৩ আসনে বেশ কয়েকটি কেন্দ্রে বোমাবাজির ঘটনা ঘটেছে। গোপালগঞ্জ-২ আসনের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে দুই আনসার সদস্য ও এক কিশোরী আহত হয়েছে। ঘটনটি ঘটে এদিন সকাল ৯টা নাগাদ। আহতরা হলেন আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার (৩০), জামান মোল্লা (৩৫) এবং আমেনা খানম (১৩)। রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘সকাল ৯টার দিকে ভোটকেন্দ্রের গেটের সামনে হঠাৎ একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ঘটনায় তিনজন আহত হন।
যে সব কেন্দ্রের সামনে বোমা বিস্ফেরণের ঘটনা ঘটেছে, সেই সব কেন্দ্রের মধ্যে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ছাড়াও রয়েছে শহীদ মাহবুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিগাতী হাইস্কুল, দুর্গাপুর হাই স্কুল এবং টুঙ্গিপাড়ার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়
এর আগে ১১ ফেব্রুয়ারি, ভোটের একদিন আগে গোপালগঞ্জের একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটেছিল। ১১ তারিখ রাতে গোপালগঞ্জ-৩ আসনের আটটি ভোটকেন্দ্রের আশেপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সব বিস্ফোরণে অবশ্য কেউ জখম হননি। তবে এর জেরে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছিল। এদিকে গোপালগঞ্জে গতকাল থেকে এতগুলি বিস্ফোরণের ঘটনা ঘটলেও নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছে মাত্র একজন।
এর আগে আওয়ামী লীগ জমানায় নাকি ‘রাতের ভোট’ হত বাংলাদেশে। এমনই অভিযোগ তুলে দীর্ঘ কয়েকবছর নির্বাচনী রাজনীতি থেকে দূরে থেকেছিল বিএনপি। তবে আওয়ামী লীগ বিহীন নির্বাচনে সেই বিএনপির বিরুদ্ধেই উঠেছে ‘রাতের ভোট’ করানোর অভিযোগ, তাও আবার নির্বাচন শুরুর আগেই ভোটকেন্দ্র ‘দখলের’ অভিযোগ উঠেছে। অবশ্য শুধু বিএনপি নয়, এই একই অভিযোগে অভিযুক্ত একদা বিএনপির ‘বেস্ট ফ্রেন্ড’ জামাতে ইসলামি। এই আবহে ভোটকেন্দ্রে ‘অনুপ্রবেশের’ অভিযোগে বাংলাদেশের ফেনিতে আটক বিএনপি এবং জামাতে ইসলামির ১৬ জন নেতাকর্মী। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়, কাউকে গ্রেফতার করা হয়নি। দুদিন আগে ১১ ফেব্রুয়ারি রাতে, বাংলাদেশে ভোটগ্রহণ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ফেনির দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জোর করে ঢোকার চেষ্টা করে কয়েকজন। ঘটনাস্থল থেকে আটক করা হয় ১৬ জনকে। এই আবহে ১৩ জনকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। আর বাকি তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, এর মধ্যে ৭ জন বিএনপি কর্মী আটক হয়েছিল এবং জামাতের ৯ জন আটক হয়েছিল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এর মধ্যে ভোট দিতে কেন্দ্রের সামনে জড়ো হচ্ছেন মানুষ। তার মধ্যে অনেকে কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই ভোটাররা কেন্দ্রে হাজির হন। কোথাও কোথাও ভোটারের লাইন দীর্ঘ হতে দেখা গেছে। বিএনপি, জামায়াত ও এনসিপির জ্যেষ্ঠ নেতাদেরও এর মধ্যে ভোট দিতে দেখা গেছে।












Discussion about this post