আগেই দাবি উঠেছিল, বাংলাদেশের টাকা থেকে শেখ মুজিবর রহমানের ছবি সরাতে হবে। এইবার সেই দাবিই সত্যি হতে চলছে। বাংলাদেশের ২০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোটে নকশা বদল হতে চলেছে। পাশাপাশি নতুন নোটে থাকবে ধর্মীয় স্থাপনা। যুক্ত হতে চলেছে বাঙালি ঐতিহ্য-সহ জুলাই বিপ্লবের গ্রাফিতি। নতুন টাকাতে কী নকশা করা হবে, তা অনুমোদনও করে দিয়েছে সেখানকার অন্তবর্তী সরকার। পাশাপাশি বাংলাদেশ ব্যাঙ্কও অনুমোদন করেছে। এমনকি চূড়ান্ত সিদ্ধান্তের পর নতুন নকশার টাকা ছাপানোর কাজও শুরু করে দিয়েছে টাঁকশাল। তবে বাংলাদেশে কবে আসতে চলেছে নতুন টাকা? কবে থেকেই বা বাজারে চালু হবে নতুন টাকা? আসুন নেওয়া যাক।
বাংলাদেশের শীর্ষ ব্যাঙ্ক এবং অর্থ মন্ত্রণালয়ের আধিকারিকরা জানিয়েছেন, নতুন নোটে বঙ্গবন্ধুর ছবি থাকবে না। আপাততভাবে ৪টি নোটে নকশা পাল্টে ফেলা হচ্ছে। ধীরে ধীরে সমস্ত নোটে নকশা পরিবর্তন করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশে ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট চালু রয়েছে। তারমধ্যে ২ থেকে ১০০০ টাকা নোটগুলিতে বঙ্গবন্ধুর ছবি রয়েছে। তবে আপাততভাবে ২০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোটে পরিবর্তন হবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, বাজারে প্রায় ৬ মাসের মধ্যে আসতে চলেছে নতুন টাকা।
দফায় দফায় উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। শুরু হয়েছিল বাংলাদেশের কোটা আন্দোলনকে ঘিরে। ছাত্ররা সেই আন্দোলন নিয়ে গিয়ে রাজনৈতিক পালাবদল করে। পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। সেই সময় গণভবনে চলে লুটপাট। ভেঙে ফেলা হয় মুজিবর রহমানের মূর্তি। তারপর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে থাকা মুজিবর রহমানের মূর্তি, ছবি সব সরিয়ে ফেলা হয়। এরপরই রব ওঠে বাংলাদেশের টাকা থেকেও বাদ দিতে হবে মুজিবরের ছবি। সেই মতোই টাকায় নকশা পরিবর্তনের কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর।












Discussion about this post