বাংলাদেশ সরকার ৫০০ কেজি চিনিগুড়া চাল ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। চাল আসবে ত্রিপুরা লাগোয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়া স্থল সীমান্ত দিয়ে সোমবার ওই চাল পাঠানো হয়েছে। ওই চাল দিল্লিতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ রাজধানীর বিশিষ্টজনকে দেশের তরফে উৎসবের উপহার হিসেবে দেবেন।
বাংলাদেশের অন্যতম বিখ্যাত চাল চিনিগুঁড়া। মিষ্টি সুবাস এবং ছোট দানার জন্য জনপ্রিয় এই চাল চিনির দানার আকৃতির মতো হওয়ায় এই নাম। এটি মূলত পায়েস এবং পোলাও রান্নার জন্য ব্যবহার করা হয়। ভারতে দুর্গোপুজো এবং নবরাত্রি শুরু হয়ে গিয়েছে। এই সময় দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে এবং বন্ধুত্বের বার্তা দিতে ঢাকার এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। যা সফট ডিপ্লোমেসির অঙ্গ।
দুদিন আগে দিল্লিতে শুরু হয়েছে জামদানি উৎসব। বাংলাদেশে নবনিযুক্ত হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ সম্পর্ক স্বাভাবিক রাখতে কম কথা বলার কৌশল নিয়েছেন। পাশাপাশি প্রথাগত কুটনীতিক ব্যবস্থাপনার বাইরে ব্যক্তিগত সখ্য গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন। ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীর বহু বন্ধু এদেশে রয়েছেন। দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক স্বাভাবিক করতে পুরানো পরিচয় কাজে লাগাচ্ছেন। সমর্থনও মিলছে। দিল্লির জামদানি উৎসবে হাজির ছিলেন প্রখ্যাত পরিচালক মুজফফর আলি ও ইন্টেরিয়ার ডিজাইনার সুনীতা কোহলি। উমরাওজান সিনেমায় রেখাকে জামদানি পরিয়ে ঢাকাই জামদানির সঙ্গে ভারতের নবসংযোগ ঘটিয়েছিলেন মুজফ্ফর আলি। ওই শাড়ির বৈশিষ্ট্য, কীভাবে তা বোনা হয়, তারই প্রদর্শনীর ব্যবস্থা করেছে দিল্লির ন্যাশনাল ক্র্যাফটস মিউজিয়াম ও হস্তকলা অ্যাকাদেমিতে শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন।
মাস দুয়েক আগে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে শহরের বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিকের সঙ্গে দেখা করেন হামিদুল্লাহ।
হাসিনা সরকারের পতনের পর দু দেশের সম্পর্ক তলানিতে চলে যায়। বিগত কয়েক মাসে টানাপোড়েন অনেকটাই কমেছে। দুই দেশের মানুষ এবং রাজনৈতিক নেতৃত্ব তাদের অবস্থান বদল করেছেন। সংলাপে জোর দিচ্ছেন দু পক্ষই। এদিকে আবার হাইকমিশনার হামিদুল্লাহ কথা কম কাজ বেশি নীতি নিয়েছেন। দু দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন।
সপ্তাহ দুয়েক আগে বাংলাদেশ সরকার পুজোর মধ্যে ১২ শো মেট্রিক টন ইলিশ ভারতে রফতানির সিদ্ধান্ত নেয়। ঢাকা এবার স্মরণকালের মধ্যে সবচেয়ে কম ইলিশ উৎপাদন হয়েছে। সে দেশের বাজারে ইলিশের দাম খুব চড়া। তা সত্ত্বেও ঢাকা দিল্লিতে ইলিশ রফতানির সিদ্ধান্ত বহাল রেখেছে। এই সিদ্ধান্তের কারণ বাংলাদেশের দিল্লির হাইকমিশনারের অফিস এবং ঢাকার বিদেশ মন্ত্রকের বিশেষ ভূমিকা ছিল। এর আগে ইউনুস সরকার ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কয়েকজন মুখ্যমন্ত্রীকে সে দেশের বিখ্যাত হাঁড়িভাঙা আম উপহার পাঠায়।
উল্লেখ্য, প্রতিবছর দুর্গোপুজোর সময় বাংলাদেশ ও ভারত থেকে উপহারসামগ্রী পাঠানোর চল রয়েছে। এবছরও সরকার ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে। দুই দেশের মধ্যে উৎসব ও বিশেষ দিনে উপহার বিনিময়ের প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। তবে গত অগাস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পটভূমি বদলে যাওয়া এ বছর ইলিশ আসবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়। তবে পুজোর মুখে বাংলাদেশ থেকে ইলিশ উপহার পাওয়া খুশি যেমন দিল্লি, খুশি খাদ্যরসিক বাঙালিরাও। এবার পুজোয় আসছে চিনিগুড়া চাল। ফলে, পুজোয় গরম ভাতের সঙ্গে ইলিশের যে কোনও পদ তৈরি করলেই জমে যাবে দুপুরের খাবার।












Discussion about this post