প্রথম দু’দফার ভোটকে ঘিরে তেমন বড় অশান্তির ঘটনা ঘটেনি। তেমন বড়সড় অভিযোগও নেই। তৃতীয় দফাতেও শান্তির ভোট করাতে চাইছে কমিশন। আগামী ৭ মে তৃতীয় দফায় নির্বাচন রয়েছে বঙ্গের চার কেন্দ্রে। মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে।কোন এলাকায় অশান্তির সম্ভাবনা রয়েছে, কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে আজ বৈঠক করল নির্বাচন কমিশন। এদিনের বৈঠকে ছিলেন জেলা শাসক এবং পুলিশ সুপার, রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার এবং ফোর্স কো-অর্ডিনেটর বি কে শর্মা।
সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলা নিয়ে বাড়তি সতর্কতার কথা বার বার উঠে এসেছে বৈঠকে। কারণ, ভোট ঘোষণার পর থেকে বারংবার মুর্শিদাবাদ জেলার বেশ কিছু এলাকায় গন্ডগোলের ঘটনা সামনে এসেছে। সেই সমস্ত এলাকায় কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কুইক রেসপন্স টিম থেকে কেন্দ্রীয়বাহিনী মোতায়েন সবটা যাতে ঠিকঠাক হয় সেই দিকে নজর দিতে বলেছে কমিশন। এছাড়াও কড়া নজরে থাকবেই জঙ্গিপুরেও। কমিশন চাইছে প্রথম ও দ্বিতীয় দফার মত তৃতীয় দফাতেও যেন কোনও বড় অভিযোগ না ওঠে। কমিশন সূত্রের খবর, তৃতীয় দফায় ৪ আসনের জন্য মোট ৩৩৪ কোম্পানি ফোর্স মোতায়েন করা হবে। এর মধ্যে মালদহ উত্তর ও দক্ষিণ মিলিয়ে ১৪৪ কোম্পানি। তৃতীয় দফায় শুধু মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকছে। দুই আসনের জন্য ১৯০ কোম্পানি। এর মধ্যে মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টে ১১৪ কোম্পানী, জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে- ৬৪ কোম্পানি ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টে- ১২ কোম্পানি ফোর্স থাকবে।












Discussion about this post