জানুয়ারির শেষে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা সম্বলিত একটি চিঠি পাঠিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী সকল দেশের রাষ্ট্র প্রধানদেরই নববর্ষের শুভেচ্ছা সম্বলিত চিঠি পাঠিয়েছেন ২০২৪ এর ৩১ ডিসেম্বর, অর্থাৎ নতুন বছর শুরুর একদিন আগেই, সেখানে শুধুমাত্র বাদ ছিল বাংলাদেশের অন্তরবর্তী সরকার মহম্মদ ইউনুসকে পাঠানো শুভেচ্ছা পত্র।
নতুন বছর শুরু হওয়ার ২৭ দিন পর অর্থাৎ ২৭ জানুয়ারি মোদির শুভেচ্ছা জানানোর এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, নতুন বছরের শুভেচ্ছা সম্বলিত একটি কার্ড পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে নরেন্দ্র মোদির সই আছে এবং নতুন বছরের শুভেচ্ছা সম্বলিত বার্তা লেখা আছে।
সেই সঙ্গে নরেন্দ্র মোদির পাঠানো নতুন বছর অর্থাৎ ২০২৫ সালের শুভেচ্ছা কার্ডটির একটি ছবিও দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে।
শুভেচ্ছাবার্তায় ভারতের প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘নতুন বছরের শুভেচ্ছা।’
তবে নতুন বছর শুরুর ২৭ দিন পরে নতুন বছরের শুভেচ্ছা বার্তা পাঠানো নিয়ে জানতে চাওয়া হলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, ‘ডিপ্লোমেটিক চ্যানেল’ অর্থাৎ কূটনীতিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা আসার কারণে এটি পৌঁছাতে সময় লেগেছে।
প্রসঙ্গত,ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর ৮ আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গঠিত হয় নতুন অন্তরবর্তী সরকার। ওই দিনই প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তবে বিগত প্রায় ছয় মাস কেটে গেলেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে পারেনি ভারত। এই কয়েক মাসে বার বার দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির বিষয়টি প্রকাশ্যে এসেছে। ভারতের হাইকমিশনারকে বিভিন্ন ইস্যুতে কয়েক বার ডেকে পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আবার বাংলাদেশের হাইকমিশনারকেও একাধিক বার তলব করেছে নয়া দিল্লি।
দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের বিষয়টি তারা স্বাভাবিকভাবে নিতে পারেনি। এজন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়নি। তবে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক সরকার এলে ভারতের সঙ্গে সম্পর্ক অনেকটা স্বাভাবিক হবে। ভারতের পক্ষ থেকেও ইতিমধ্যে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে।












Discussion about this post