গত প্রায় ৭ মাস যাবৎ জেলে রয়েছেন বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু। দেশদ্রোহিতার মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন। এবার আরও এক গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে। এক আইনজীবীকে খুনের ঘটনায় চিন্ময় কৃষ্ণ প্রভুকে জড়িয়ে দিল মহম্মদ ইউনূসের প্রশাসন। এদিকে যে সময় ওই আইনজীবী খুন হয়েছেন, তখন পুলিশ হেফাজতে ছিলেন হিন্দু সন্ন্যাসী। এদিকে সেই আইনজীবীর খুনের ঘটনার মামলার চার্জশিটে চিন্ময় কৃষ্ণ প্রভুর নাম রেখেছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় নির্বিকার প্রশাসন। এদিকে বাংলাদেশের বর্তমান প্রশাসনের কর্মকাণ্ডে প্রশ্ন তুলে দিচ্ছে বিস্তর।
জানা গিয়েছে, আইনজীবী সইফুল ইসলাম খুনের মামলায় ৩৮ জনের নাম রয়েছে চার্জশিটে। আর সেই চার্জশিটের একেবারে উপরের তালিকায় নাম রয়েছে বাংলাদেশের সনাতন জাগরণ জোটের মুখপাত্র হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর। এই চার্জশিট জমা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মাহফুজুর রহমান। পুলিশ সূত্রে খবর, ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ১৮ জন নাকি এখনও পলাতক। তবে চার্জশিটে চিন্ময় কৃষ্ণ প্রভু নাম থাকাতেই বহু প্রশ্নের উত্থাপন হয়েছে। ওই আইনজীবীর খুনের সময় চিন্ময় কৃষ্ণ তো পুলিশ হেফাজতেই ছিলেন। তাহলে কি করে তার নাম জড়ায়? উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত, গতবছর ৫ ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। যে সরকারের মাথায় বসানো হয় নোবেল জয়ী মহম্মদ ইউনূসকে। তারপরই অভিযোগ ওঠে, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালানো হয়। যার লাগাম টানতে ব্যর্থ মহম্মদ ইউনূসের সরকার। আর এই ঘটনায় সরব হয়েছিলেন হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু। এরপরই গত ২৫ নভেম্বর এবং বাংলাদেশের পতাকাকে অবমাননা করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। পরের দিনই চট্টগ্রাম আদালতে পেশ করা হয় হিন্দু সন্ন্যাসীকে। কিন্তু তার জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। আর সেই সময় প্রিজন ভ্যানে পুলিশ তাকে তোলার সময় বিক্ষোভ দেখান অনেকে। চিন্ময় কৃষ্ণকে ছেড়ে দেওয়ার জন্য অনেকে প্রতিবাদ করেন। এমনকি বিক্ষোভকারীরা গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। আর সেই প্রবল বিক্ষোভের সময় খুন হন আইনজীবী সইফুল ইসলাম। এদিকে সেই বিক্ষোভের সময় পুলিশের প্রিজন ভ্যানেই ছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভু। কিন্তু বলা হচ্ছে, তার বক্তব্যের মধ্যে দিয়ে উস্কানি এবং হিংসাত্মক কথা বলেছেন। আর সেই কারণেই আইনজীবীর খুনের ঘটনায় হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছে পুলিশ।












Discussion about this post