বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন জানিয়েছে, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ভার্চুয়াল কনফারেন্সে অংশ নিয়ে দেশের বিরুদ্ধে ও পুলিশ বাহিনী সম্পর্কে বিতর্কিত বক্তব্য দিয়েছেন। যেখানে তিনি দাবি করেছেন, পুলিশের ও প্রশাসনের ৯০ ভাগই আওয়ামী লীগের সমর্থক এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।
তার এই বক্তব্যে তিনি জানান, “সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা চলছে এবং তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য পরিকল্পনা হচ্ছে। তারপর বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করে বিএনপিকে হটানোর পরিকল্পনা রয়েছে।”
গত শুক্রবার ৭ ফেব্রুয়ারী বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক একটি বিবৃতিতে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি গণহত্যা, দুর্নীতি, মানিলন্ডারিংসহ একাধিক মামলায় জড়িত পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদ পুলিশ বাহিনী সম্পর্কে ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চ্যুয়াল কনফারেন্সে একটি ষড়যন্ত্রমূলক সভায় অংশগ্রহণ করেন বলে জানা যায়। যেখানে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে। বক্তব্যটি পুলিশ বাহিনী ও এর সদস্যদের পেশাদারিত্বকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। এ ধরনের সভায় অংশগ্রহণ এবং বক্তব্য প্রদান দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের শামিল।
পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে আরও বলা হয়, ব্যক্তির দায়ভার কখনো কোনো বাহিনী বহন করে না। ২০১৩ সালে হেফাজতের বিরুদ্ধে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যা, হাজার কোটি টাকার দুর্নীতির ঘটনায় সম্পৃক্ততা ও দুদকের একাধিক মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদ। তাঁর মতো একজন ব্যক্তির পুলিশ বাহিনী, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডে পুলিশ বাহিনীর সকল সদস্য মর্মাহত ও ক্ষুব্ধ।












Discussion about this post